মাত্র আট রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করলেন বৈভব সূর্যবংশী। তবে এই ইনিংসেই ভারতের ঘরোয়া ক্রিকেট ইতিহাসের পাতায় নাম তুলে ফেললেন ১৫ বছর বয়সী এই তরুণ। দুলীপ ট্রফির সেমিফাইনালে ইস্ট জোনের হয়ে এই বাঁহাতি ওপেনার সেন্ট্রাল জোনের বিপক্ষে গড়েছেন সবচেয়ে কম বয়সে অর্ধশতরান করার রেকর্ড, ভেঙে দিয়েছেন ৫৭ বছরের পুরোনো কীর্তি।
সোমবার (৩১ আগস্ট) বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স গ্রাউন্ড-১-এ মাত্র ১৫ বছর ১৫৭ দিন বয়সে ৪২ বলে ছক্কা হাঁকিয়ে এই কীর্তি গড়েন বৈভব। এর আগে ১৯৬৯ সালে ১৬ বছর ২৩ দিন বয়সে অর্ধশতরান করে এই রেকর্ডের মালিক ছিলেন লক্ষ্মণ সিং। ২০০৫ সালে ১৬ বছর ৩০৭ দিন বয়সে ফিফটি করে তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন পীযূষ চাওলা।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার দ্বিতীয় অর্ধশতরান। এর আগে গত রঞ্জি ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে পঞ্চাশ করেছিলেন তিনি। ইনিংসে ৪০ রানে একবার জীবন পাওয়ার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন বৈভব। তবে সেঞ্চুরির দোরগোড়ায় এসে ৮১ বলে ৯২ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে হর্ষ দুবের বলে আরশাদ খানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।
সেঞ্চুরি করতে পারলে আরও একটি বড় রেকর্ড গড়ার সুযোগ ছিল বৈভব সূর্যবংশীর সামনে। দুলীপ ট্রফির ইতিহাসে সবচেয়ে কম বয়সে শতরান করার নজির রয়েছে দেশটির কিংবদন্তি শচীন তেণ্ডুলকরের দখলে। ১৯৯০-৯১ মৌসুমে ১৭ বছর ২৬২ দিন বয়সে শতরান করেছিলেন শচীন। তবে সেই রেকর্ড ভাঙার মাত্র আট ধাপ দূরেই থেমে গেছেন বৈভব।
এ দিন প্রথমে ব্যাট করে সেন্ট্রাল জোনকে ২৬৬ রানে অলআউট করে ইস্ট জোন। এরপর বৈভব ও অভিমন্যু ঈশ্বরণের ১৬২ রানের ওপেনিং জুটির ওপর ভর করে শক্ত ভিত্তি পায় ইস্ট জোন। দলীপ ট্রফিতে অভিষেক ম্যাচে মাত্র আট রান করে হতাশ করা বৈভব এ দিন ব্যাট হাতে অনেক বেশি পরিণত ও নিয়ন্ত্রিত ক্রিকেট উপহার দেন। একই সঙ্গে ক্রিজে সময় কাটিয়ে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়ার মানসিকতাও দেখিয়েছেন।
ম্যাচের প্রথম দিনেও আলোচনায় ছিলেন বৈভব। ঈশান কিশানের অনুপস্থিতিতে কয়েক ওভার ইস্ট জোনের অধিনায়কত্বও করেন তিনি। আর এবার মাত্র ১৫ বছর বয়সেই দলীপ ট্রফিতে সবচেয়ে কম বয়সি অর্ধশতরানকারী হয়ে বৈভব বুঝিয়ে দিলেন, ভারতীয় ক্রিকেটে তার আগমন নিছক চমক নয়, ধারাবাহিকভাবে রেকর্ড ভাঙার ক্ষমতাও রয়েছে এই তরুণ বাঁ হাতির।
পড়ুন : শ্বাসরুদ্ধকর সেমিফাইনালে হেরে টপ এন্ড টি-টোয়েন্টি থেকে বিদায় নিল বাংলাদেশ


