আসন্ন শুভ জন্মাষ্টমী-২০২৬ উপলক্ষে নেত্রকোনা জেলায় উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে নেত্রকোনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এতে শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে আসন্ন উৎসব ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং শোভাযাত্রাসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয়ে পুলিশ সুপারের সাথে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, আসন্ন শুভ জন্মাষ্টমী অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে নিশ্ছিদ্র ও সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় তিনি সাইবার স্পেসে বিশেষ নজরদারির কথা উল্লেখ করে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা স্বার্থান্বেষী মহল যাতে গুজব ও উস্কানিমূলক প্রচারণার মাধ্যমে জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চালাতে না পারে, সেজন্য পুলিশের সাইবার ইউনিট সার্বক্ষণিক অনলাইনে কঠোর নজরদারি রাখবে। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”
মতবিনিময় সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মায়িশা ফান্নানা।
এছাড়া জন্মাষ্টমী উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় উপস্থিত থেকে উৎসবটি সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে জেলা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করেন এবং পুলিশের গৃহীত আগাম নিরাপত্তা প্রস্তুতির প্রতি সন্তোষ প্রকাশ করেন।
সভায় পুলিশ ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উভয়ই জেলার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এবারের জন্মাষ্টমী উৎসব উদযাপনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : জিয়া হার্ট ফাউন্ডেশনের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে পরিকল্পনা প্রতিমন্ত্রীর আশ্বাস


