কক্সবাজারের সমুদ্র ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন চাঁদপুরের দুই বন্ধু। কিন্তু আনন্দের সেই ভ্রমণ শেষে বাড়ি ফেরা আর হলো না তাদের। চট্টগ্রামের লোহাগাড়ায় মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুই মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার ঠাকুরদিঘী এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাহাবপাড়া এলাকার মো. মনির হোসেনের ছেলে ফিরোজ আহমেদ তৌহিদ (২০) এবং একই উপজেলার শাহারপাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে মাহি উদ্দিন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে চট্টগ্রামমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ফিরোজ আহমেদ তৌহিদের মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় সড়কে পড়ে থাকা মাহি উদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে শেষ পর্যন্ত তাকেও বাঁচানো যায়নি। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, দুই বন্ধু মোটরসাইকেলে করে কক্সবাজার বেড়াতে গিয়েছিলেন। ভ্রমণ শেষে চাঁদপুরে ফেরার পথেই লোহাগাড়ার ঠাকুরদিঘী এলাকায় তাদের মোটরসাইকেলের সঙ্গে মিনিট্রাকটির সংঘর্ষ ঘটে।
দুর্ঘটনার পর মিনিট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক ও হেলপার পালিয়ে যান। পরে খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেলটি হেফাজতে নেয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, লোহাগাড়ার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
তিনি আরও বলেন, দুর্ঘটনাকবলিত মিনিট্রাক ও মোটরসাইকেল হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পড়ুন:অপারেশনের অভাবে বিছানায় তৌহিদুল,বেঁচে থাকার আকুতি
ইমি/


