তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা ভোলায় সরকারি সফরে এসেছেন বাংলাদেশ জাতীয় পার্টি—বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
তিন দিনের সরকারি সফরে বুধবার বেলা ৩টার দিকে ভোলায় পৌঁছান তিনি। মন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা শহরে জড়ো হতে থাকেন। পরে ফুলেল শুভেচ্ছা, স্লোগান ও নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান নেতাকর্মীরা।
ভোলায় পৌঁছানোর পর সড়কের দুই পাশে অবস্থান নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলীয় নেতাকর্মী ও সমর্থকেরা।
পরে নতুন বাজারে বিজেপির জেলা কার্যালয়ের সামনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন আন্দালিব রহমান পার্থ। এ সময় জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে আসা বিজেপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীত্ব পাওয়ার পর নিজ জেলায় প্রথম সফরে আসায় নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মন্ত্রীকে একনজর দেখতে এবং শুভেচ্ছা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষও সড়কের পাশে জড়ো হন।
সংবর্ধনা অনুষ্ঠানে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, ভোলার উন্নয়নমূলক কাজের পাশাপাশি সরকার তার ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা যেন যথাযথভাবে পালন করতে পারেন—এ জন্য তিনি সবার সহযোগিতা চান।
তিনি বলেন, আওয়ামী লীগ ১৭ বছরে দেশের অর্থনীতিকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছে যে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছেন। পার্থ আরও বলেন, ১৮ বছর ধরে তিনি কীভাবে রাজনীতি করেছেন, তা ভোলার মানুষ দেখেছেন। সুযোগ-সুবিধা নেওয়ার সুযোগ থাকলেও তিনি তা নেননি এবং জিয়া পরিবারের প্রতি আস্থাশীল ছিলেন, জিয়া পরিবারও তাকে যথাযথ মূল্যায়ন করেছে।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির জেলা আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম ও বিজেপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও যুব বিজেপি, ছাত্র বিজেপি, মহিলা বিজেপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: আসিফ মাহমুদসহ ৪ জনের দুর্নীতির সত্যতা পেয়েছে দুদক
আর/


