ব্রাহ্মণবাড়িয়ায় পর্তুগাল প্রবাসীর একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে মালিক সেজে ঢাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উজ্জল মিয়া (উজ্জ্বল) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার মিরপুর এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার উজ্জল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাউতলি এলাকার জিল্লু মিয়ার ছেলে। এর আগে গত রোববার প্রতারণার অপর একটি মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে মাইক্রোবাস আত্মসাৎ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মাইক্রোবাসের মালিক পর্তুগাল প্রবাসী নাহিনুল হাসানের স্ত্রী ফাহমিদা হক জানান, ২০২৩ সালে মাসিক ৮২ হাজার টাকা চুক্তিতে উজ্জলের কাছে মাইক্রোবাসটি ভাড়া দেওয়া হয়। চুক্তি অনুযায়ী, এর মধ্যে ৫২ হাজার টাকা ব্যাংকের ঋণের কিস্তি এবং ৩০ হাজার টাকা গাড়ির ভাড়া হিসেবে দেওয়ার কথা ছিল। প্রথম ২০টি কিস্তি ব্যাংকের ঋণ পরিশোধ করলেও উজ্জল ভাড়া বাবদ কোনো টাকা দেননি।
ফাহমিদা হকের অভিযোগ, একপর্যায়ে গত ১১ মাস ধরে উজ্জল তাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। পরে গাড়িটি ভাড়া নেওয়ার বিষয়টিও অস্বীকার করে সেটি আত্মসাৎ করেন। এ ঘটনায় গত ২ আগস্ট তিনি বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে উজ্জল ভাড়া নেওয়া মাইক্রোবাসটি ঢাকায় নিয়ে বিক্রি করে দেওয়ার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় মঙ্গলবার রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার উজ্জলকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পড়ুন : চাঁদা না দেওয়ায় প্রকৌশলীকে মারধরের অভিযোগ, ৪ কর্মচারীর বিরুদ্ধে


