সড়কে পরিবহন শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ঢাকা জামালপুর বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি শুরু করেছে শ্রমিকরা।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকাল থেকেই এ কর্মবিরতি শুরু করেন পরিবহন শ্রমিকরা।
কেন বাসচালকরা কর্মবিরতি শুরু করেছে জানতে চাইলে রাজিব পরিবহনের চালক মিলন আহমেদ বলেন, দুপুরে দুইটা গাড়ি আটকিয়ে নান্দিনা বাজারে টাকা পয়সা ছিনতাই করা হয়েছে। ড্রাইভার এবং হেল্পারকে মারধর করা হয়েছে, গাড়ি ভাংচুর করা হয়েছে। যারা এসব করেছে তাদেরকে আইনের আওতায় না আনা পর্যন্ত আমরা গাড়ি চালাবো না।
বুধবার রাতে দশটার দিকে জানান জামালপুর বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন (৮২২) কার্যালয়ে এ বিষয়ে কথা বলেন সংগঠনের যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ।
তিনি বলেন, বুধবার সকালে জামালপুর সদরের নান্দিনা বাজারে রাজিব পরিবহন বন্ধের দাবিতে স্থানীয় ছাত্রজনতার ব্যানারে একটি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ওই কর্মসূচি চলাকালে রাজিব পরিবহনের জামালপুরগামী এবং ঢাকাগামী দুটি বাসে ভাংচুর করা হয়।
এসময় বাসচালক এবং তার সহযোগীকে মারধর করে তাদের কাছে থেকে টাকা পয়সা ছিনিয়ে নেয়া হয় বলে দাবি করেন তিনি।
এ খবর ছড়িয়ে পড়লে সব পরিবহন শ্রমিকরা বাস না চালানোর সিদ্ধান্ত নেয়। এর আগেও গাড়িতে আগুন দেয়া এবং টাকা পয়সা ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
হারুনুর রশীদ বলেন, গাড়ি ভাংচুর, চালকদের মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্হা না নেয়া পর্যন্ত এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সড়কে গাড়ি চলবে না।
এ বিষয়ে জানতে চাইলে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, বাস শ্রমিকদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে
তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন : ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


