নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইয়ের সময় টুটুল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি নয়ন (২৭)-কে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ঢাকা মহানগরের মিরপুর থানার দক্ষিণ পীরেরবাগ আমতলা এলাকা থেকে র্যাব-১১, সিপিসি-১ ও র্যাব-২-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ২৮ জুন সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে বন্দরের আলীনগর এলাকার আকরাম সাহেবের লবণ ফ্যাক্টরির সামনে টুটুলকে নয়নসহ কয়েকজন অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে মারধরের পর বুকের মাঝখানে ছুরিকাঘাত করা হয়। এ সময় তার কাছ থেকে নগদ ১২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা।
পরে স্থানীয়দের সহায়তায় টুটুলকে প্রথমে বন্দর উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ আগস্ট রাত ৩টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে নয়নকে প্রধান আসামি হিসেবে শনাক্ত করা হয় বলে জানিয়েছে র্যাব।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার নয়নের বিরুদ্ধে বন্দর থানায় ছিনতাই ও ডাকাতিসহ চারটি মামলা রয়েছে।
গ্রেপ্তার নয়নকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


