হিন্দুদের জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্নভাবে উদ্যাপন নিশ্চিত করতে সারাদেশে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় বলে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উৎসব ব্যাহত করার চেষ্টা করতে পারে—এমন চরমপন্থী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন ও অন্যান্য উপাদানের কার্যকলাপ ও গতিবিধির ওপরও কড়া নজরদারি রাখা হচ্ছে।
র্যাব জানিয়েছে, দেশজুড়ে মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে উৎসব উপলক্ষে এলাকাভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা করেছে। পাশাপাশি আগাম তথ্য সংগ্রহ এবং সম্ভাব্য হুমকি শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে।
জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগদানকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত ও বিদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
জন্মাষ্টমীর শোভাযাত্রার চারপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। শোভাযাত্রার সামনে, পেছনে ও উভয় পাশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার জন্য সংরক্ষিত বাহিনীও প্রস্তুত থাকবে।
পড়ুন: ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী
আর/


