গাজীপুরের কাশিমপুরে ঝুট গোডাউনগুলোতে ঝুট লোড-আনলোডের কাজে সড়কের ওপরই অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে ট্রাক ও কাভার্ডভ্যান। এতে সড়কের বড় একটি অংশ দখল হয়ে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।
স্থানীয়দের অভিযোগ, ঝুটবাহী এসব যানবাহন ঘণ্টার পর ঘণ্টা সড়ক দখল করে দাঁড়িয়ে থেকে লোড নেওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক যান চলাচল। বিশেষ করে এনায়েতপুর চার রাস্তা থেকে মোল্লা মার্কেট সড়ক পর্যন্ত বিভিন্ন স্থানে অবৈধ পার্কিংয়ের কারণে তৈরি হচ্ছে দীর্ঘ যানজট।
কয়েকশ মিটার পথ পাড়ি দিতেই অনেক সময় যাত্রীদের সড়কে আটকে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ সাধারণ যাত্রীদের প্রতিদিনই পোহাতে হচ্ছে এই দুর্ভোগ। এতে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ রয়েছে, প্রতিদিন প্রকাশ্যে একই স্থানে সড়ক দখল করে অবৈধ পার্কিং ও ঝুট লোড-আনলোড চললেও কার্যকর কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না।
এ অবস্থায় সাধারণ মানুষের প্রশ্ন—প্রতিদিনের এই অবৈধ পার্কিং কি আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে পড়ে না? নাকি দেখেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আর যদি নজরে পড়ে, তাহলে ব্যবস্থা নিতে এত নীরবতা কেন?
সড়ক দখল করে গাড়ি পার্কিংয়ের কারণে শুধু যানজটই নয়, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকিও। একই সঙ্গে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ অন্যান্য যানবাহন চলাচলেও তৈরি হতে পারে মারাত্মক প্রতিবন্ধকতা।
স্থানীয়দের দাবি, জনসাধারণের চলাচলের সড়ককে পার্কিং ও ঝুট লোডিংয়ের জায়গা হিসেবে ব্যবহার বন্ধ করতে হবে। পাশাপাশি অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি ঝুট গোডাউন মালিকদের নির্ধারিত স্থানে লোড-আনলোডের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
দীর্ঘদিনের এই জনদুর্ভোগ নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।
পড়ুন : সীতাকুণ্ডে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়


