ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে মিকাইল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ ঘরে মশারি টানিয়ে ঘুমিয়ে ছিলেন ওই যু্বক। এসময় ঘুমন্ত অবস্থায় তাকে সাপে ছোবল দেয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
আজ শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত মিকাইল হোসেন ওই গ্রামের আসাদুল মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোররাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মিকাইল হোসেন। এ সময় ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তিনি অসুস্থ বোধ করলে পরিবারের লোকজন তাকে ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, সাপে কাটার পরে রোগী হাসপাতালে অনেক দেরিতে পৌছায়। হাসপাতালে পৌছানোর পরে এন্টিভেনম দেয়ার পরেও রোগীকে বাঁচানো যায়নি। সাপে কাটা রোগী দ্রুত হাসপাতালে পৌছলে এমনটি হয়তো হতো না।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। মৃতের স্বজনদের অনাপত্তির শর্তে মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হবে।
পড়ুন: ১০ দিন পর নেপালে সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার
আর/


