চুরি-ডাকাতি, ছিনতাই, কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালী জেলা শহর মাইজদীসহ জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার রাতে নোয়াখালী সুপার মার্কেটের একটি চাইনিজ রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানানো হয়। চেম্বার অব কমার্স নোয়াখালীর সার্বিক সহযোগিতায় সভাটির আয়োজন করে নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটি।
সভায় চেম্বার অব কমার্স নোয়াখালীর সভাপতি ফিরোজ আলম মতিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নোয়াখালীর পুলিশ সুপার এন.এম. নাসিরুদ্দিন।
সভায় বিশেষ অতিথি ছিলেন- নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ইকরাম উল্যাহ ডিপটি, চেম্বার অব কমার্স নোয়াখালীর পরিচালক আবু নাছের, শহিদুল ইসলাম কিরন, ব্যবসায়ী গোলাম জিলানী দিদার, পৌর বণিক সমিতির নেতা আবদুল মোতালে আপেল, নোয়াখালী সুপার মার্কেট পরিচালনা কমিটির সদস্য মোসলেহ উদ্দিন ইকবাল ও মোহাম্মদ আজিজুর রহমান।
বক্তারা বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মার্কেট, ব্যবসাপ্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হলে অপরাধীদের শনাক্ত করা এবং অপরাধ সংঘটনের পর দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে। বিশেষ করে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে মার্কেট ও বাণিজ্যিক এলাকাগুলোতে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন।
এসময় বক্তারা শহরে চুরি-ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে পুলিশ ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি অপরাধপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে নিয়মিত টহল জোরদার, সন্দেহজনক ব্যক্তিদের ওপর নজরদারি এবং দ্রুত অভিযোগ গ্রহণ ও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, ব্যবসার পরিবেশ স্বাভাবিক রাখতে হলে ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ও স্থানীয় জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এসময় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম, ডি.আই ওয়ান মো. আলতাফ হোসেন, চেম্বার অব কমার্স নোয়াখালীর পরিচালক নুরুল আমিন খানসহ শহরের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পড়ুন : মানিকগঞ্জে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ


