চট্টগ্রামের চন্দনাইশে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, নিহত ২

0
0
বিজ্ঞাপন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার শাহসুফি মাজার গেট বটতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন লোহাগাড়া উপজেলার পদুয়া দক্ষিণ আমিরাবাদের তোফায়েল মুরছালীন (২৩) এবং চন্দনাইশের উত্তর কাঞ্চননগর ৫ নম্বর ওয়ার্ডের আব্দুল গফুর (৬০)। তোফায়েল মুরছালীন বেগম ওসমান আরা কলেজ অব নার্সিংয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আব্দুল গফুর ওই এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

আহত তিনজন হলেন সাতকানিয়ার দক্ষিণ চরপাড়ার সানজিদা আক্তার সুমাইয়া (২৪), চন্দনাইশের হাশিমপুর ইউনিয়নের ভাইখলিফা পাড়ার মো. আরিফ ইসলাম (৪০) এবং দক্ষিণ হারলা এলাকার মো. সায়মন হোসেন খায়ের (২০)। সায়মন দুর্ঘটনার সময় সিএনজি অটোরিকশাটি চালাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল তিশা প্লাটিনামা পরিবহনের একটি এসি বাস। শাহসুফি মাজার গেট বটতল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা পাঁচজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তোফায়েল মুরছালীনকে মৃত ঘোষণা করেন। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়।

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের চিকিৎসক ডা. এটিএম মনিরুল কবির বলেন, দুর্ঘটনায় একজন মারা গেছেন। গুরুতর আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস সাত্তার জানান, দুর্ঘটনায় দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। বাসটির চালক সোলাইমান বাদশাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পড়ুন : মানিকগঞ্জে ইছামতি নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.