বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে গাজীপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগর বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে গাজীপুর জজ কোর্ট সংলগ্ন কোয়ার্টার মাঠে স্থানীয় নেতাকর্মীরা এসে জড়ো হন। পরবর্তীতে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে শহরের রাজবাড়ী সড়ক এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে শিববাড়ী মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা কটূক্তিকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা প্রতিবাদী স্লোগান দেন।
সমাবেশে বক্তব্যে দলটির স্থানীয় নেতারা বলেন,
প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কায়েমী স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে অপপ্রচার ও কুরুচিপূর্ণ কটূক্তি চালাচ্ছে। এই চক্রান্ত দেশের সার্বিক শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার এক হীন চেষ্টা। বক্তারা অনতিবিলম্বে ঘটনায় অভিযুক্ত সিফাতের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি এই ষড়যন্ত্রের সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানান।
উল্লেখ্য, একই দাবিতে গাজীপুর শহরের গাছা ও টঙ্গী এলাকাতেও পৃথক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
পড়ুন:‘নীরবতার অবসান’ গ্রন্থের প্রকাশনা উৎসব ও সাহিত্য সভা অনুষ্ঠিত
ইমি/


