ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলার অভিযোগে দায়ের করা মামলায় মো. জসিম উদ্দিন নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় ইউনিয়ন যুবদলের কর্মী ও ১১ নম্বর রাখালগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
রোববার রাত আটটার দিকে উপজেলার বগেরগাছি বাজার থেকে তাকে আটক করা হয়। পরে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়। এদিকে দলের দুর্দিনের এক কর্মীকে আটকের ঘটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট ভোরে কালীগঞ্জ শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের প্রতিবাদে উপজেলার বগেরগাছি বাজারে ইউপি সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টাওয়ার মোড় থেকে বগেরগাছি বাজারের দিকে যাওয়ার পথে প্রাইমারি স্কুলের পেছনে পৌঁছালে মিজানুর রহমান ও আনোয়ার হোসেনসহ কয়েকজন লাঠিসোটা নিয়ে হামলা চালান। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে মিজানুর ও তার ভাই আনোয়ারসহ দুজন আহত হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিএনপির কিছু নেতাকর্মী মিছিল নিয়ে এগিয়ে যাওয়ার সময় মিজানুর রহমান নামের এক ব্যক্তি লাঠি নিয়ে আঘাত করছেন এবং কয়েকজনকে ধাওয়া করছেন। পরবর্তীতে উভয় পক্ষের ধস্তাধস্তিতে ওই দু ভাই আহত হন।
সংঘর্ষের ঘটনার নয় দিন পর রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মিজানুর রহমান বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, মামলার বাদী মিজানুর ও তার ভাই আনোয়ার বিগত সময়ে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পটপরিবর্তনের পর তারা নিজেদের বিএনপির পরিচয়ে ভিড়েছেন।
আটক জসিম উদ্দিনের স্ত্রী সোনালী বেগম আক্ষেপ করে বলেন, “আওয়ামী লীগের শাসনামলে আমার স্বামী ঠিকমতো বাড়ি থাকতে পারেননি, হামলা-মামলার ভয়ে পালিয়ে বেড়াতেন। আজ আওয়ামী লীগবিরোধী মিছিল করার কারণে বিএনপির এই সুসময়ে তাকে পুলিশ আটক করেছে। অথচ যারা মিছিলে হামলা করেছিল, তারা সবাই আগে আওয়ামী লীগ করত।”
রাখালগাছি ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রিন্স জানান, বিএনপির আন্দোলন-সংগ্রামে জসিম মেম্বার সামনের সারির যোদ্ধা ছিলেন। ২০২৪ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের দেওয়া দুটি গায়েবি মামলায় তিনি কারাবাসও করেছেন। অথচ আওয়ামী লীগবিরোধী মিছিল করায় আজ তাকে আটক হতে হলো।
অভিযোগের বিষয়ে মামলার বাদী মিজানুর রহমান দাবি করেন, আওয়ামী লীগবিরোধী মিছিল করার কোনো দলীয় নির্দেশনা ছিল না এবং মিছিলে হামলা বা অতীতে আওয়ামী রাজনীতি করার অভিযোগটি সঠিক নয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌরাঙ্গ কুমার বসু জানান, রোববার থানায় এসে মিজানুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় এজাহারভুক্ত আসামি জসিমকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন : উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারী-ভোটার এলাকা বদল কী মেয়র প্রার্থিতার ইঙ্গিত?


