কুষ্টিয়ার খোকসায় নৈশ প্রহরী ও ব্যবসায়ীদের বেঁধে রেখে তিনটি সোনার দোকান সহ ৫টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাতে উপজেলার একতারপুর বাজারের এই ঘটনায় পুলিশের দাবি শতভাগ চুরির ঘটনা।
নৈশ প্রহরীরা জানায়, সোমবার দিবাগত রাত একটার দিয়ে কয়েকটি গ্রুপে বিভক্ত ডাকাত দল বাজারে হানা দেয়। এসময় একে একে ৪ জন নৈশ প্রহরী ও দুই ব্যবসায়ীকে ধরে এনে ওবায়দুলের চায়ের দোকানের মধ্যে হাত বেঁধে বসিয়ে রাখে তারা। কেউ কেউ নৈশ প্রহরী ও দুই ব্যবসায়ীকে পাহারা দেয়। পরে ডাকাতরা প্রানোতোষ বিশ্বাসের পূর্ণ জুয়েলার্সে দুটি শো রুম ও কারখানায় তালা ভেঙ্গে লকারে রাখা প্রায় ২০ ভরি রুপা, নগদ ২৫ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণের পুরাতন গহনা নিয়ে যায়। রাত একটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পর্যায় ক্রমে মানিক বিশ্বাসের মানিক জুয়েলার্স, সঞ্জয় বিশ্বাসের ঈশানী বিউটি কসমেটিকস, পাখি ভ্যানের মেকার হান্নন শেখে ও চায়ের দোকানি ওবায়দুলের দোকানের কয়েকটি মুঠোফোন ও নগদ ১২ হাজার টাকা ডাকাতি করে নিয়ে যায়।
নৈশ প্রহরীরা আরো জানান, ডাকাত দলটিতে ২০ থেকে ২৫ জন সদস্য ছিলো। তাদের প্রত্যেকের মুখ গামছা দিয়ে বাঁধা ছিলো। ডাকাতদের কাছে রাইফেল ও ধারলো অস্ত্র ছিলো। ডাকাতি করে চলে যাওয়ার সময় দুইজন নৈশ প্রহরীকে হাত বাঁধা অবস্থায় বাজার থেকে আধা কিলোমিটার দূরের শৈলডাঙ্গী মহাশ্মশান পর্যন্ত দিয়ে যায় তারা।
উপস্থিত সাংবাদিকদের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী প্রানোতোষ বিশ্বাস বলেন, রাতে দোকান বন্ধের সময় বিদ্যুতের লাইন বন্ধ করে রেখে যান। তার পরেও ডাকাতরা তার দোকানের সবগুলো সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলেছে। এ ছাড়া তার দুই শো রুম ও কারখানার লকারের কয়েকটি ড্রয়ার ভেঙ্গে কয়েক ভরি পুরাতন গহনা, ২০ ভরি খাটি রুপা ও ক্যাশ ড্রয়ারের থাকা ২৫ হাজার টাকা ডাকাতরা নিয়ে গেছে। তিনি আরো জানান, ভোর সাড়ে ৪টার দিকে স্থাানীয় একজন তাকে ফোন দিয়ে তার দোকানের ডাকাতির ঘটনা জানায়। তিনি বাজারে এসে দোকানের সাটার বন্ধ পান। পরে ভিতরের ঢুকে ডাকাতির ঘটনা টের পান।
পাখি ভ্যানের মেকার আব্দুল হান্নান শেখ জানান, ত্রিশ বছর ব্যবসা করছেন, তার সামনে এমন ঘটনা ঘটেনি। ডাকাতরা তাকে ধরে নিয়ে গিয়ে নৈশ প্রহরীদের সাথে বেঁধে রাখে। তার কাছে থেকে ধার করে আনা ৫ হাজার টাকা ও মুঠোফোনটি নিয়ে যায়।
খোকসার থানার ওসি মোল্লা জাকির হোসেন জানান, একতারপুর বাজারের তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে, মামলা এখনো হয়নি। এঘটনায় আটক নেই এখনও।
পড়ুন:সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর অস্ত্রসহ গ্রেপ্তার ৩
ইমি/


