সুনামগঞ্জ পৌর শহরে যানজট নিরসন ও সড়ক-ফুটপাত দখলমুক্ত করতে পরিচালিত অভিযানে জব্দ করা অটো-রিকশা ও রিকশা জরিমানা দিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে, এসব লাইসেন্সবিহীন যানবাহন পৌর শহরের আলফাত স্কয়ার ও আশপাশের এলাকায় চলাচল করতে পারবে না।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে পৌরসভা ভবনের সামনে প্রায় ৭০ জন চালক জড়ো হন। এ সময় জব্দ করা যানবাহন ছাড়ার বিষয়ে পৌর প্রশাসনের সঙ্গে তাদের আলোচনা হয়।
পৌরসভা সূত্রে জানা যায়, অভিযানে জব্দ করা ২০টি অটো-রিকশা ও ৫০টি রিকশা জরিমানা আদায়ের পর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে শহরের নির্ধারিত এলাকায় এসব যানবাহন না চালানোর শর্ত দেওয়া হয়।
সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক বলেন, শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে। এর আগে মাইকিং করে চালকদের সতর্ক করা হয়েছে। এরপরও অনিবন্ধিত ও লাইসেন্সবিহীন যানবাহন পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, পৌরসভার নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় ১ হাজার ৩০০। এর বাইরে কোনো যানবাহন শহরে চলাচল করলে তা জব্দ করা হবে। এ বিষয়ে কোনো ধরনের চাপ বা তদবিরে অভিযান বন্ধ করা হবে না।
এদিকে জেলা ইজিবাইক সমিতির নেতারা জানান, পৌরসভায় নিবন্ধিত প্রায় ১ হাজার ৩০০ যানবাহনের মধ্যে দুই থেকে তিনশ যানবাহন বিভিন্ন সময় নষ্ট বা মেরামতের জন্য গ্যারেজে থাকে। ফলে সব নিবন্ধিত যানবাহন একসঙ্গে সড়কে চলাচল করে না।
সমিতির নেতারা বলেন, নিবন্ধনের বাইরে কোনো অটো-রিকশা শহরে চলাচল করলে পৌরসভা তা জব্দ করলে তাদের কোনো আপত্তি নেই। তবে বৈধ ও নিবন্ধিত যানবাহনের চালকদের জীবিকার বিষয়টি বিবেচনার আহ্বান জানান তারা।
এর আগে সোমবার দিনব্যাপী অভিযানে আলফাত স্কয়ার, কালীবাড়ি, পুরাতন বাসস্ট্যান্ড ও থানার সামনের এলাকাসহ বিভিন্ন স্থানে অবৈধ স্ট্যান্ড, দোকানপাট ও ফুটপাতের দখল উচ্ছেদ করা হয়। অভিযানে ১৮ মামলায় ১৮ জনকে মোট ৩১ হাজার টাকা জরিমানা এবং প্রায় দুই ট্রাক মালামাল জব্দ করা হয়।
পড়ুন : ইতালিতে বাঁধনের ওপর হামলা: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার


