আসন্ন স্থানীয় নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন বলেছেন, পুলিশকে কোনো বেআইনি নির্দেশনা দেবে না কমিশন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে পুলিশের ওপর আস্থা রাখার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল।’ স্থানীয় নির্বাচন অনুষ্ঠানে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, তেমনি পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।
তিনি বলেন, ‘কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না। উনারা (পুলিশ) বলেছেন, ক্রেডিবল ইলেকশনের জন্য তারা কাজ করবেন।’
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় নির্বাচন আয়োজন করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘ত্রয়োদশ নির্বাচনে যে অবস্থা ছিল, এখন এর চেয়ে খারাপ নয়। এবং পুলিশের ওপর আমাদের আস্থা আছে।’
এ সময় স্থানীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রয়োজনীয় প্রস্তুতি নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পুলিশ চাপমুক্তভাবে নির্বাচনি দায়িত্ব পালন করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হাসান ফকির বলেন, ‘এখন দলীয় সরকার, কিন্তু গণতান্ত্রিক সরকার।’
তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের যেসব ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তার সবই নেওয়া হবে। এ ক্ষেত্রে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী পুলিশ কাজ করবে।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি ফেরানোর বিষয়ে জানতে চাইলে আইজিপি বলেন, ‘আমি তো মনে করি, আমাদের সাফল্য শতভাগ।’
রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রস্তুতিও এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।
পড়ুন : বিআরটিএর অনুমোদন ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট
সা/


