পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ, প্রাণনাশের হুমকি, বাড়িঘরে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন করেছেন জামালপুরের সরিষাবাড়ীর একটি জেলে পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর খুশির ভিটা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে গত শনিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর এবং পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে ঘরবাড়ি ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পরিবারের।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের ভাষ্য অনুযায়ী, কৃষ্ণপুর গ্রামের শফিকুল ইসলাম ও সাদ্দাম হোসেনের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার রাত আনুমানিক ২টার দিকে একদল লোক শফিকুল ইসলামের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। হামলার একপর্যায়ে বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় পরদিন রোববার দুপুরে ২১ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী শফিকুল ইসলাম।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা জামিনে বেরিয়ে এসে তাদের পৈতৃক ভিটা ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন। একই সঙ্গে এলাকা ছাড়ার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ অবস্থায় নিজেদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পরিবারের সদস্যদের সঙ্গে স্থানীয় এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শফিকুল ইসলাম, ইমরান হোসেন, রওশনারা বেগম, শেফালী আক্তারসহ স্থানীয়রা বক্তব্য দেন।
বক্তারা বলেন, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিয়ে তাদের পৈতৃক ভিটায় নির্বিঘ্নে বসবাসের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভুক্তভোগী পরিবার আরও বড় ধরনের নিরাপত্তাহীনতায় পড়তে পারে।
এদিকে ঘটনার পর থেকে ওই জেলে পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, নিরাপত্তা এবং ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।
তবে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও হুমকির অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পড়ুন:কেন্দুয়ায় ভোররাতে পুলিশের আকস্মিক হানা: ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
ইমি/


