বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) পিরোজপুর জেলা মহিলা দলের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
জেলা মহিলা দলের সভাপতি সাহিদা বেগমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথির উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পোস্ট অফিস রোডস্থ বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠার পরপরই দেশের মানুষের এবং বিশেষ করে মা-বোনদের সেবার প্রয়োজনীয়তা বিবেচনায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম ও দুর্দিনে মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মহিলা দলকে সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠনে পরিণত করার কাজ এগিয়ে নেওয়া হয়েছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ পাহাড় ও সমতলের সকল মানুষের এই সংগঠনে যুক্ত হওয়ার সমান অধিকার রয়েছে।
অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় মহিলা দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বেগম খালেদা জিয়ার নীতি ও আদর্শ ধারণ করে মহিলা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে সরকারের ঘোষিত ফ্যামিলি কার্ড যেন সুষ্ঠু ও ন্যায্যভাবে সবার মধ্যে বিতরণ করা হয়, সে বিষয়ে মহিলা দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রহিমা আক্তার হাসির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুলতানা জাহান মেমী, সদর উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফারজানা হক, কাউখালী উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক নুপুর আক্তারসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : ভোলায় সাব রেজিস্ট্রারের বিরুদ্ধে মাসে কোটি টাকা ঘুষ বানিজ্যের অভিযোগ


