এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। পুনঃনিরীক্ষণের পর প্রকাশিত ফলাফলে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন শিক্ষার্থী। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় পুনঃনিরীক্ষণের এ ফল প্রকাশ করে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
পুনঃনিরীক্ষণের ফলাফলে আরও দেখা গেছে, আগে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। আর নম্বর পরিবর্তন হয়েছে ৫৬ হাজার ২৫৯ জনের। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়, এসব শিক্ষার্থী মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি স্ক্রিপ্ট পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন।
তথ্য অনুযায়ী, চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের জন্য দেশের ১১টি শিক্ষা বোর্ডে আবেদন করেছিলেন মোট ৪ লাখ ২ হাজার ৫২ জন শিক্ষার্থী।
এর আগে গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ওই ফলাফলে পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।
পড়ুন: সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার: স্থগিতের দাবি বিজিএমইএ-বিকেএমইএর
আর/


