পদ্মা ব্যারেজ প্রকল্প বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি জানিয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পদ্মা ব্যারেজের মতো বড় প্রজেক্ট প্রয়োজন ছিল। যেটা অর্থনৈতিক সম্মৃদ্ধির সহায়ক হিসাবে কাজ করবে। তিনি আরো বলেন, আগামী ৬ মাসের (জানুয়ারি ফেব্রুয়ারি, মার্চ) মধ্যে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এর নির্মাণ কাজ উদ্বোধন করবেন।
আজ শুক্রবার বিকেল পাঁচটায় কুষ্টিয়া সদর উপজেলায় শালদহে গড়াই নদীর মোহনায় পদ্মা ব্যারেজ প্রকল্পভুক্ত গড়াই অফটেক স্ট্রাকচার নির্মানের প্রস্তাবিত স্থান পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পানি সম্পদমন্ত্রী আরো বলেন, এই অঞ্চলে বর্ষায় নদী ভাঙন ও বন্যায় মানুষের বিপুল ক্ষতি হয়। আবার শুষ্ক মৌসুমে নদীতে লবনাক্ততা বেড়ে যায়, ক্ষতিগ্রস্থ হয় উপকুল ভাগের জীববৈচিত্র। সব দিক বিবেচনায় এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এতে অন্ত ২৪টি জেলার মানুষ উপকৃত হবে। এই প্রকল্পের কাজ শেষ হতে সাত বছর সময় লাগবে বলে জানান মন্ত্রী।
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. একেএম শাহাবুদ্দিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিষ্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে কুষ্টিয়া সার্কিট হাউজে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন পানিসম্পদ মন্ত্রী।
উল্লেখ্য,গত ১৩ মে জাতীয় অর্থনৈতিক কমিটিতে পদ্মা ব্যারেজ নির্মাণের নীতিগত সিদ্ধান্তের পর কুষ্টিয়া সহ ১৯ জেলার মানুষের মধ্যে একধরনের আবেগ সৃষ্টি হয়েছে। এ বাবদ একনেকের সভায় ৩৪ হাজার ৩৪৭ কোটি ৭৫ লাখ টাকার প্রকল্প পাশ হয়েছে। এ প্রকল্পের মধ্যে রয়েছে নদী শাসন, এ্যাপ্রোচ রোড নির্মাাণ, পাকা সড়ক ও নানা অবকাঠামো। তাছাড়া কুষ্টিয়ার গড়াই নদী, হিসনা নদী ও চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী শাসনের কাজ রয়েছে।
পড়ুন : চেকপোস্টে পিকআপ তল্লাশি, মিলল ইয়াবা-পিস্তল


