১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গাজীপুরের সদর উপজেলা, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় ফকিরা গার্মেন্টস সংলগ্ন আবুল কাশেমের বহুতল ভবনের পাশে, কালভার্টের নিচ থেকে দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করে করে জয়দেবপুর থানা পুলিশ।
প্রথমে পানিতে ভাসমান কালো রঙের সুটকেসে পা দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে জানাজানি হলে ঘটনাস্থলে জয়দেবপুর থানা পুলিশ গিয়ে সুটকেসের ভেতর থাকা অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশের কোমরের নিচের অংশ উদ্ধার করেছে।
পরবর্তীতে একই ঘটনায় আশপাশে তল্লাশি চালিয়ে লাশের অপর অংশও বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার ওসি আল মামুন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে নারী-পুরুষসহ বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। লাশটি অর্ধগলিত অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে এবং নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও ওই নারীকে হত্যা করে লাশের অংশবিশেষ সুটকেস ও বস্তায় ভরে নির্জন ওই স্থানে ফেলে রেখে যেতে পারে। তবে তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে।পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ করছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। একই সঙ্গে নিহত নারীর পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে পুলিশ অনুসন্ধান শুরু করেছে।
পড়ুন : চেকপোস্টে পিকআপ তল্লাশি, মিলল ইয়াবা-পিস্তল


