প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফর স্থগিত করা হয়েছে। রোববার (১৩ সেপ্টম্বর) ফেনী জেলা প্রশাসক মো. মাহবুবুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত করা হয়েছে। নতুন পুনঃনির্ধারিত তারিখ অনুযায়ী আগামী পহেলা অক্টোবর তিনি ফেনী সফর করবেন।
জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা, অবকাঠামো, বিশুদ্ধ পানি ও স্যানিটেশনসহ যাবতীয় বিষয় নিশ্চিত করতে সরকারের সব দপ্তর সমন্বিতভাবে দিন-রাত কাজ করে যাচ্ছে। আশা করছি, ১ অক্টোবরের নির্ধারিত সময়ের আগেই সব প্রস্তুতি পুরোপুরি সম্পন্ন হবে।
ফেনী-১ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনু বলেন, প্রধানমন্ত্রী আসবেন বলে আমরা ব্যাপক প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু বর্তমানে রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে তার সফর স্থগিত করা হয়েছে। তিনি নতুন নির্ধারিত তারিখে আগামী পহেলা অক্টোবর ফেনী সফরে আসবেন। এ সময় তিনি ফেনীর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধন করবেন।
এদিকে সফর পিছিয়ে গেলেও প্রধানমন্ত্রীকে বরণ করতে ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে ব্যাপক প্রস্তুতি অব্যাহত রয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী পরশুরামে সম্প্রতি একনেকে অনুমোদিত ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প’-এর শুভ উদ্বোধন করবেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকার দীর্ঘদিনের বন্যা ও জলাবদ্ধতা নিরসন হবে।
পড়ুন : বেকারি পণ্যের দাম বাড়ল ২০ শতাংশ , ক্ষুব্ধ ভোক্তারা
সা/


