সিরাজগঞ্জ পৌর মহল্লার এসবি রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজের গেইটের তালা ভেঙে মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে ওয়ার্ড বিএনপির এক নেতার বিরুদ্ধে।
শনিবার গভীর রাতে ১৫ ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিলন শেখ তার দলবল নিয়ে রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেইটের তালা ভেঙে পিকআপ গাড়ীতে এ মালামাল লুট করে নিয়ে যায়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্কুলের নাইট গার্ড আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত ১০টার দিকে ওয়ার্ড বিএনপির নেতা মিলন শেখ দলবল নিয়ে রেলওয়ে স্কুল এন্ড কলেজের গেইটের তালা ভাঙে একটা পিকআপ গাড়ী নিয়ে এসে স্কুলের ভিতরে প্রবেশ করে। এসময় তারা স্কুলের মাঠে পড়ে থাকা পুরাতন লোহার পাত, লোহার রড, রেলের স্লিপারসহ প্রায় ৬শ কেজি মালামাল পিকআপে লোড দিয়ে নিয়ে গেছে।
এদিকে স্থানীয়রা জানান, বিএনপি ক্ষমতায় আসার পর থেকে এই রেলওয় কলোনীর মিলনের অত্যাচার বেড়ে গেছে। তার নির্দিষ্ট কোন কাজ নেই। সারাদিন কোথায় কি আছে, দেখে রাখে। আর রাতের বেলায় দলবল নিয়ে লুটপাট করে। তার ভয়ে কেউ মুখ খুলতে পারে না।
স্থানীয়দের অভিযোগ, এরআগেও এই প্রতিষ্ঠানের ৩ বার চুরি হয়েছে, কিন্তু অধ্যক্ষ আশরাফুল ইসলাম কোন প্রকার ব্যবস্থা নেননি। বিগত ১৭ বছর আওয়ামীলীগ সরকার থাকাকালীন এই অধ্যক্ষ আশরাফুল ইসলাম নানা অনিয়ম দূর্নীতি করেছে বলেও অভিযোগ রয়েছে।
অভিযুক্ত বিএনপি নেতা মিলন শেখ রেলের স্লিপারসহ প্রায় ৬শ কেজি মালামাল লুটের বিষয়ে বলেন, আমি রাতে শিক্ষককে খুঁজতে স্কুলে গিয়েছিলাম। এই চুরির ঘটনার সাথে জড়িত নাই।
এসবি রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আশরাফুল ইসলাম বলেন, রাতে নাইট গার্ড আব্দুর রহমান আমাকে ফোন করে জানিয়েছে। এ পর্যন্ত কোন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান তিনি।
এ বিষয়ে স্কুলের সভাপতি জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, এ বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। আপনার মাধ্যমে জানতে পারলাম। বিষয়টি আমি দেখছি।
পড়ুন : স্থানীয় সরকার নির্বাচনে প্রতিনিধিদের শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই
সা/


