ভোলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দুই ইউপি মেম্বার পদপ্রার্থীর আবেদন ছাড়াই তাদের অজান্তে ভোটার এলাকা জাহানপুর ইউনিয়নে স্থানান্তর করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মোঃ শহিদ ও মোঃ হাছনাইন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর ১৩ সেপ্টেম্বর ( রোববার) সকালে লিখিত অভিযোগ দায়ের করে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিচার দাবি জানান।
ভুক্তভোগীরা লিখিত অভিযোগে জানান, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজ কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছিলেন। পরবর্তীতে ভোটার তালিকা যাচাই করতে গিয়ে দেখেন, কোনো আবেদন না করা সত্ত্বেও নির্বাচন অফিসের অসাধু লোকজনের মাধ্যমে তাদের ভোটার এলাকা স্থানান্তরিত হয়ে গেছে। মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা বাধাগ্রস্ত করতেই অর্থনৈতিক সুবিধার বিনিময়ে এমন অপকর্ম করা হয়েছে বলে তারা মনে করেন। এই জালিয়াতির পেছনে উপজেলা নির্বাচন কর্মকর্তা, স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর সাদ্দাম বকশী এবং সংশ্লিষ্ট ডাটা এন্ট্রি অপারেটরদের জড়িত থাকার আশঙ্কা প্রকাশ করে অবিলম্বে তদন্ত ও শাস্তির দাবি জানানো হয়েছে।
লালমোহন নির্বাচন অফিসের স্ক্যানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেন্যান্স অপারেটর ( সংযুক্ত চরফ্যাশন) সাদ্দাম বকশী বলেন,আমার ব্যাপার আসলো কেন? আমি তো ভোটার ট্রান্সপার আবেদন জমা রাখিও না, ঐ কাজ গুলা করিও না।” তবে ভুক্তভোগী হাসনাইন মন্জু জানিয়েছে, ওইদিন সাদ্দাম বকশী তার টান্সফার আবেদন চরফ্যাশন নির্বাচন অফিসে জমা রেখেছেন। কয়েকজন ডাটা এন্ট্রি অপারেটরকে বক্তব্য নিতে ফোন দেওয়া হয়।ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সৌমিক রহমান বলেন,”বিষয়টি দুঃখজনক এবং অনভিপ্রেত। যেহেতু ট্রান্সফার নিষ্পন্নের শেষ সময় ১০ সেপ্টেম্বর ছিল, তাই বিষয়টি জানার পর পরই অনতিবিলম্বে ভুক্তভোগীদেরকে দ্রুত তাদের নিজ এলাকায় ফিরিয়ে আনি। পাশাপাশি দুটি অভিযোগই গুরুত্বের সাথে নিয়ে তদন্ত করছি। বিষয়টি পরিকল্পিত ষড়যন্ত্র নাকি ভুক্তভোগীরা কোনো অন্যায়ের শিকার তা তদন্তের পর বলা যাবে।তদন্তে আমার অফিসের কেউ দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”
এদিকে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ নাগরিক টিভিকে বলেন, “উপজেলা নির্বাচন কর্মকর্তার সাথে কথা হয়েছে। তিনি প্রশিক্ষণ শেষ করে এসে এই বিষয়ে সমাধান দিবেন।”
ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবদুল হাই আল-হাদী আমারদেশকে বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা চরফ্যাশন বরাবর ভুক্তভোগীরা আবেদন দিয়েছে,তিনি তদন্ত পূর্বক যে প্রতিবেদন দিবেন তার আলোকে ব্যবস্হা নেওয়া হবে।”
পড়ুন : কালিয়াকৈরে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৬ জন আটক


