বরগুনার তালতলী উপজেলায় ছাগলের পিপিআর (Peste des Petits Ruminants-PPR) রোগ প্রতিরোধে দুই দিনব্যাপী এক বিশেষ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার সোনাকাটা ও নিশানবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচি পরিচালিত হয়। টিকাদান কার্যক্রমের প্রথম দিনেই মোট ৬৬০টি ছাগলকে পিপিআর রোগের টিকা দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ‘কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’ (KOICA)-র আর্থিক সহযোগিতা ও ‘অক্সফাম ইন বাংলাদেশ’-এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাগোনারী’ পরিচালিত ‘বাংলাদেশ সাইক্লোন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ইনক্লুসিভ শেল্টার রেজিলিয়েন্স প্রজেক্ট’ (KOICA-HPP Barguna Project)-এর আওতায় এ উদ্যোগ নেওয়া হয়।
ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সঞ্জয় কুমার শিকদার উপস্থিত থেকে কার্যক্রমটির সার্বিক পরিচালনা ও সমন্বয় করেন। তিনি স্থানীয় খামারি ও উপকারভোগীদের উদ্দেশ্যে ছাগলের পিপিআর রোগ প্রতিরোধে নিয়মিত টিকা দেওয়া, সঠিক পরিচর্যা করা এবং সরকারি প্রাণিসম্পদ সেবা গ্রহণের আহ্বান জানান।
প্রজেক্ট কোঅর্ডিনেটর সুবীর কুমার কর বলেন, প্রকল্পের আওতায় ইতোমধ্যে ৫৪৭ জন জলবায়ু-ঝুঁকিপূর্ণ উপকারভোগীকে বিকল্প জীবিকায়ন সহায়তা প্রদান করা হয়েছে, যার মাধ্যমে অনেকেই নতুন করে ছাগল পালন শুরু করেছেন। এসব খামারিদের সম্ভাব্য আর্থিক ক্ষতি থেকে বাঁচাতে এবং ছাগল পালনকে টেকসই করতে এ প্রতিরোধমূলক টিকা দেওয়া হচ্ছে। টিকাদানের পাশাপাশি খামারিদের নিজ উদ্যোগে ছাগলকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ানোরও পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকা সহনশীল করতে এবং সরকারি সেবার সঙ্গে সংযোগ বাড়াতে তাদের এ ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।
পড়ুন : সন্ত্রাস দমনে প্রচলিত আইনকে আরও শক্তিশালী করা হবে : আইনমন্ত্রী
সা/


