সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন।
মঙ্গলবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরেই প্রাণ গেছে ১৪৮ জনের। এ ছাড়া অক্টোবরের প্রথম পাঁচ দিনে ৩৬ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়েছে। মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগী মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ হাজার ৩৫৬ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৪ হাজার ২৯৯ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে—৮৬১ জন। এ ছাড়া খুলনা বিভাগে ৩০২ জন, বরিশালে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২ জন, ময়মনসিংহে ৯৬ জন, রংপুরে ৭৫ জন এবং রাজশাহীতে ১৯৯ জন রোগী ভর্তি হয়েছেন।
পড়ুন: পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের ফ্রান্সিস হালজেন
আর/


