বিজ্ঞাপন

রাজশাহীর ১৬ অস্ত্রের সন্ধান মেলেনি , উদ্ধার হয়নি ৪ হাজার ৭৯৮ গুলি

বিজ্ঞাপন

রাজশাহী অঞ্চলে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ তৎপরতা শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

ইতোমধ্যে হারানো ১৬৪টি সরকারি অস্ত্রের মধ্যে ১৪৮টি উদ্ধার করা হয়েছে।

তবে এখনো ১৬টি অস্ত্র এবং বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র ও গুলি উদ্ধারে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করলে সরকারি ঘোষিত নিয়ম অনুযায়ী পুরস্কার দেওয়ার কথা জানিয়েছে র‌্যাব-৫।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজশাহীতে র‌্যাব-৫ সদর দপ্তরের কনফারেন্স রুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান র‌্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক।

র‌্যাব-৫-এর অধিনায়ক জানান, রাজশাহী অঞ্চল থেকে হারিয়ে যাওয়া সরকারি ১৬৪টি অস্ত্রের মধ্যে ১৪৮টি ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। এখনো উদ্ধার হয়নি ১৬টি অস্ত্র। এর মধ্যে রয়েছে দুটি চায়না রাইফেল, পাঁচটি চায়না পিস্তল, ছয়টি ১২ বোর শর্টগান ও তিনটি গ্যাসগান।

তিনি বলেন, এসব অস্ত্র উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা গুরুত্বপূর্ণ। কেউ হারিয়ে যাওয়া অস্ত্রের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য দিলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি তথ্য দেওয়ার কারণে তার বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না।

হারানো সরকারি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কারের বিষয়টিও তুলে ধরেন র‌্যাব-৫ অধিনায়ক।

তিনি জানান, একটি রাইফেল, এসএমপি বা স্নাইপার উদ্ধারে তথ্য প্রদানকারীকে দুই লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। শর্টগান, পিস্তল ও গ্যাসগানের ক্ষেত্রে পুরস্কার ৫০ হাজার টাকা। এ ছাড়া সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের জন্য দেড় হাজার টাকা এবং সব ধরনের গোলাবারুদের প্রতিটি রাউন্ড উদ্ধারে ৫০ টাকা করে পুরস্কার দেওয়ার বিধান রয়েছে।

শুধু অস্ত্র নয়, হারিয়ে যাওয়া বিপুল পরিমাণ গুলিও এখনো উদ্ধার হয়নি। র‌্যাবের তথ্য অনুযায়ী, রাজশাহী অঞ্চল থেকে হারিয়ে যাওয়া ৫ হাজার ৩৫২টি গুলির মধ্যে এ পর্যন্ত ৫৫৪টি উদ্ধার করা হয়েছে। এখনো ৪ হাজার ৭৯৮টি গুলি উদ্ধার বাকি রয়েছে।

র‌্যাব কর্মকর্তারা বলছেন, হারিয়ে যাওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ অপরাধীদের হাতে পৌঁছানোর আশঙ্কা রয়েছে। ফলে এগুলো দ্রুত উদ্ধারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে। অস্ত্রের অবস্থান সম্পর্কে তথ্য পেতে বিভিন্ন পর্যায়ে জনসাধারণের সহযোগিতা নেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় র‌্যাব-৫ অধিনায়ক আরও জানান, হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি মাদক, চোরাচালান এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‌্যাব।

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসব অভিযান আরও জোরদার করা হচ্ছে। সভায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পড়ুন : অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন