হবিগঞ্জের বানিয়াচং আজমিরীগঞ্জ– সড়কে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বানিয়াচং উপজেলার পিঠাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবণ সরকারসহ তিন কিশোর একটি মোটরসাইকেলে করে আজমিরীগঞ্জ থেকে বানিয়াচংয়ের দিকে আসছিল। তারা পিঠাবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা শ্রাবণ ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে মোটরসাইকেলে থাকা অপর দুই কিশোর অল্পের জন্য প্রাণে বেঁচে যায়।
নিহত শ্রাবণ সরকার (১৫) বানিয়াচং উপজেলা সদরের ২ নম্বর উত্তর-পশ্চিম ইউনিয়নের বাবুর বাজারসংলগ্ন বিদ্যাভূষণ পাড়ার বাসিন্দা। সে সুন্দর সরকারের ছোট ছেলে। শ্রাবণ বানিয়াচং নতুনবাজারের একটি সেলুনে কাজ করত।
দুর্ঘটনার পর বাসটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে বানিয়াচং ও আজমিরীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও বাসটির পরিচয় শনাক্ত করতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এবিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন বাস এবং মোটরসাইকেল সংঘর্ষে শ্রাবণ সরকার নামে কিশোর মারা গেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পড়ুন : অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প
সা/


