চুয়াডাঙ্গার জীবননগরে পূর্বাশা পরিবহনের বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহরণ (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে আসিফ (২২)সহ আরও ছয়জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আসিফের অবস্থা গুরুতর হওয়ায় তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে যশোরে রেফার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহরণ ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীরবেড়ে ইউনিয়নের শহিদুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জীবননগর-দওনগর সড়কের পাথিলা ঈদগাহের সামনে একটি ইজিবাইকের সঙ্গে পূর্বাশা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা যাত্রীদের কয়েকজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহরণকে মৃত ঘোষণা করেন। তার ছেলে আসিফের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করা হয়।
এ ঘটনায় আহত অন্যদের জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পড়ুন : ঝিনাইদহে চুরি করা স্বর্ণ বিক্রি করতে গিয়ে দুই যুবক গ্রেপ্তার


