ঢাকার ধামরাইয়ে একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টা ১ মিনিটে উপজেলার ছয়বাড়িয়া তালতলা এলাকার সুভা টাওয়ারে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
ধামরাই ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, খবর পাওয়ার সাত মিনিটের মধ্যে রাত ৮টা ৮ মিনিটে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৮টা ২৫ মিনিটে সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় প্রায় দুই লাখ টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এ ঘটনায় কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
পড়ুন : কিস্তির টাকা উত্তোলনে অসম্মতি, স্বামীর হাতে স্ত্রী খুন


