উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী দেশের সর্ববৃহৎ সৈয়দপুর ও পার্বতীপুর রেলওয়ে কারখানায় নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে। কারখানা দুটির সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামোগত আধুনিকায়ন ও নতুন উন্নয়ন প্রজেক্ট বাস্তবায়নে বড় ধরনের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক অর্থলগ্নি সংস্থা ‘ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক’ (আইডিবি)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) আইডিবির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সৈয়দপুর ও পার্বতীপুর রেলওয়ে কারখানার সার্বিক চিত্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শকালে প্রতিনিধি দলটি কারখানার অবকাঠামোগত অবস্থা, বর্তমান উৎপাদন ক্ষমতা এবং ভবিষ্যৎ সম্ভাবনাময় খাতগুলো ঘুরে দেখেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।
কারখানা সূত্রে জানা গেছে, সরেজমিন পরিদর্শন শেষে আইডিবির প্রতিনিধি দল দুটি কারখানাতেই নতুন প্রকল্পের আওতায় ব্যাপক বিনিয়োগে ইতিবাচক সাড়া দিয়েছে। এই মেগা প্রজেক্ট বাস্তবায়িত হলে কারখানায় আধুনিক যন্ত্রপাতি সংযোজনসহ উৎপাদন ব্যবস্থাপনায় অভূতপূর্ব গতি আসবে।
এদিকে এই সম্ভাবনাময় উদ্যোগকে ঘিরে কারখানার সাধারণ শ্রমিক ও কর্মচারীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার বইছে। কারখানা সংশ্লিষ্ট কর্মকর্তা ও শ্রমিকরা জানান, বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নূর মোহাম্মদের সৎ, দক্ষ ও গতিশীল নেতৃত্বের কারণেই আন্তর্জাতিক অঙ্গনে কারখানা দুটির সুনাম বৃদ্ধি পেয়েছে এবং বিনিয়োগের এমন অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
শ্রমিকদের মতে, তিনি সৈয়দপুর রেলওয়ে কারখানার দায়িত্বে আসার পর থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ গতি পেয়েছে। তাঁর মতো উন্নয়নবান্ধব ও দূরদর্শী কর্মকর্তা থাকলে ভবিষ্যতে কারখানা দুটির কল্যাণে আরও বড় বড় আন্তর্জাতিক বিনিয়োগ আসবে বলে তাঁরা দৃঢ় আশা প্রকাশ করেন
রেলওয়ে কারখানা দুটির এ আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত হলে শুধু উত্তরবঙ্গ নয়, বরং পুরো বাংলাদেশ রেলওয়ের সেবা ও উৎপাদনে এক নতুন যুগান্তকারী দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিজ্ঞ মহল।
পড়ুন : শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধে হামলা, নিহত ১


