দীর্ঘ চার বছর বিরতির পর কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর ঘোড়াইঘাটে তিন দিনব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতার শুরু হয়েছে। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার হরিপুর ব্রিজ থেকে ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা শুরু করা হয়। উদ্বোধনী দিনে কুষ্টিয়াসহ বিভিন্ন জেলার সাতটি দল অংশ গ্রহন করে।
কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, হরিপুর ব্রিজ সহ নদীর দু’পাড়ের দুই কি.মি এলাকা জুড়ে দাঁড়িয়ে শত শত মানুষ এ প্রতিযোগিতা উপভোগ করেন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন বাসী আয়োজিত এই প্রতিযোগীতা আগামী রোববার (২০ সেপ্টেম্বর) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ৪টি দল পুরস্কার হিসেবে পাবেন তিনটি মোটরসাইকেল ও একটি ফ্রিজ। এছাড়া অংশগ্রহণকারী প্রতিটি দলকে একটি করে টেলিভিশন দেয়া হবে।
আয়োজকরা জানিয়েছেন, মাদকসহ নানা নৈতিক অবক্ষয় থেকে যুব সমাজকে দূরে রাখতেই তারা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতার আয়োজন করেছেন। কুষ্টিয়া ছাড়াও দেশের বিভিন্ন জেলার বাইচ নৌকা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এর আগে ২০২২ সালে নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল এই নদীতে। দীর্ঘ বিরতির পর আবারও এই নৌকা বাইচের আয়োজন ঘিরে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা। তারা দল বেঁধে ভিড় করেছেন নদীর দুই পাড়ে, বসেছে গ্রামীণ মেলা। এই আয়োজনে অংশ নিতে পেরে খুশি মাঝি মাল্লারাও।
এর আগে দুপুর ১২টায় আয়োজক কমিটির সভাপতি ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুস এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুষ্টিয়ায়-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।
এসময় কুষ্টিয়া কোর্টের স্পেশাল পিপি অ্যাড. শামিম উল হাসান অপু, স্থানীয় বিএনপির নেতাকর্মি সহ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
পড়ুন : সিরাজগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ, লাশ নিয়ে থানায় স্বজনরা


