ফেনীর পরশুরাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করার তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে পরশুরাম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের একপর্যায়ে সীমান্ত এলাকায় ৭৬২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের প্রবেশ ও পাচার ঠেকাতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে বিজিবি।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি, নিয়মিত টহল এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাদক ও চোরাচালানসহ যেকোনো ধরনের সীমান্ত অপরাধের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
পড়ুন : মহিষখোচায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ


