জয়পুরহাটে অবৈধভাবে পাচার করার সময় ২০ বস্তা সরকারি সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। পরে জব্দকৃত এসব সার নির্ধারিত সরকারি মূল্যে সাধারণ কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়।
জানা গেছে, জেলা এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) গোপন তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার দোয়ানি বাজারে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ১৫ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা পটাশ সার ফেলে পালিয়ে যায়। পরে উদ্ধার হওয়া সারগুলো স্থানীয় কৃষকদের কাছে ২৫ হাজার ২৫০ টাকায় বিক্রি করা হয়।
অনুসন্ধানে জানা যায়, সদর উপজেলার কুঠিবাড়ি ব্রিজ বাজারের সাব-ডিলার ও ‘মেসার্স শাহীন ট্রেডার্স’-এর মালিক শাহীন কাদির বেশি মুনাফার আশায় সারগুলো গোপনে নওগাঁর ধামুইরহাটে পাচার করছিলেন।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত ডিলার শাহীন কাদির ও অজ্ঞাত পরিবহনকারীরা পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পড়ুন : মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণ


