বিশ্ববিদ্যালয় শিক্ষক নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ে এবং বেলা ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার পর গন্ধমতি এলাকায় তাকে দাফন করা হয়েছে।
জানাজার আগে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।এ সময় তিনি বলেন, অপ্রতিম আপনাদের স্নেহ ভালোবাসায় বেড়ে উঠেছে। সে যদি কারো মনে কষ্ট দিয়ে তাকে ক্ষমা করে দেবেন।কথা বলতে গিয়ে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন। তার কান্না দেখে মুসলিল্লাও চোখ মুছতে থাকেন।পরে কোটবাড়ির গন্ধমতীতে বেলা ১১টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
তাকে শেষবারের মতো এক নজর দেখতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় হাজারো মানুষ ভিড় করেন।এ সময় ছোট্ট শিশুকে হত্যার ঘটনায় অনেককে অশ্রু সজল হতে দেখা গেছে। তারা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করেছেন।
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে সংশ্লিষ্ট বিভাগ নোটিশের মাধ্যমে জানাবে।
অপ্রতিমের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর তার মরদেহের সন্ধান মেলে। পুলিশের তথ্যমতে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় সে। এরপর আর বাড়ি ফেরেনি। সন্ধ্যার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং তার বাবা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পাশের একটি নির্জন স্থানে স্থানীয় কয়েকজন অপ্রতিমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে তুহিন নামে একজনকে প্রথমে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনসহ মোট তিনজনকে আটক করা হয়।
পড়ুন : অপ্রতিম হত্যা: আটক তুহিনের বাড়ি থেকে উদ্ধার সেই আইফোন
সা/


