গাজীপুরের কাশিমপুরে লিঙ্গ সমতা, শিশু অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার—এসআরএইচআর, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা—এমএইচএম, শিশু ও পারিবারিক সুরক্ষা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ইউসেপ কাশিমপুর টেকনিক্যাল স্কুলে এ সংলাপ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিঙ্গ-সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ—গ্রিভেট প্রকল্পের আওতায় ইউসেপ গাজীপুর অঞ্চলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন মোঃ আব্দুল মান্নান, দলনেতা, অন্তর্ভুক্তি ও কর্মসংস্থান, ইউসেপ গাজীপুর অঞ্চল—উত্তর সালনা।
সভায় বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের বর্তমান অবস্থা, প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠানের চাহিদা এবং শ্রমবাজারের সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রমের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনার শুরুতে জানুয়ারি থেকে জুন ২০২৬ সেশনে ইউসেপ গাজীপুর টিভিইটি ইনস্টিটিউট, গাজীপুর অঞ্চলের কোর্স সমাপ্তকারীদের কর্মসংস্থানসংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়। পাশাপাশি এপ্রিল থেকে জুন ২০২৬ সেশনের ইউসেপ গাজীপুর অঞ্চলের সম্ভাব্য কোর্স সমাপ্তকারীদের তথ্যও তুলে ধরা হয়।
এ সময় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং অন-জব অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণার্থীরা যেন শ্রেণিকক্ষের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কর্মক্ষেত্রে কর্মীদের কল্যাণ নিশ্চিত করতে ‘ওয়ার্কপ্লেস ওয়েলবিং ম্যানেজমেন্ট’ প্রশিক্ষণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি প্রশিক্ষকদের সক্ষমতা উন্নয়নে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতা, চলমান পার্টনারশিপ প্রকল্প এবং বিভিন্ন ট্রেডভিত্তিক বিশ্লেষণ নিয়ে মতবিনিময় করেন অংশগ্রহণকারীরা।
সভায় শ্রমবাজারের বর্তমান চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ কোর্সের বিষয়বস্তু হালনাগাদ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। শিল্পপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় আধুনিক প্রযুক্তি, দক্ষতা ও জ্ঞান প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা করা হয়।
এ ছাড়া লিঙ্গ সমতা, শিশু অধিকার ও সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সভায় অংশগ্রহণকারীরা বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণকে আরও কর্মমুখী করা, প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব জোরদার এবং নারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পড়ুন:জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ইমি/


