চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট খলিশাডুলী এলাকার আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আতাহার আলীর বিরুদ্ধে প্রায় দুই কোটি টাকা অনিয়ম-দুর্নীতি ও আত্মসাতের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কলেজের সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন কলেজের সাবেক শিক্ষক প্রতিনিধি খোরশেদ আলম।
অভিযোগপত্রে বলা হয়েছে, ডা. মো. আতাহার আলী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর থেকে কলেজ পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও আর্থিক অসঙ্গতি ঘটেছে। এর মধ্যে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের কয়েক মাসের বেতন এবং ঈদ বোনাস পরিশোধ না করার অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, ২০২২-২৩ সালের বোর্ড ফাইনাল পরীক্ষার সময় সাংবাদিকদের খরচ দেখিয়ে ৫০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে অভিযোগকারীর দাবি, সাংবাদিকদের ওই অর্থ দেওয়া হয়নি। একইভাবে হোমিওপ্যাথিক বোর্ড থেকে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা/বেনিফিটের চেক আনার জন্য খরচ দেখিয়ে প্রায় দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।
কলেজের পুরোনো টিনের সেট ও টিনের ঘর বিক্রির অর্থ কলেজের হিসাব বা ব্যাংক হিসাবে জমা না দেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পর অনুষ্ঠিত কয়েকটি বোর্ড ফাইনাল পরীক্ষা ও কলেজের নির্বাচনে বিপুল পরিমাণ নগদ অর্থ আদায় হলেও তার সঠিক হিসাব পাওয়া যাচ্ছে না বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়, প্রভাষক/সহকারী অধ্যাপক/সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে প্রত্যেকের কাছ থেকে ৩০ হাজার টাকা করে নেওয়া হয়েছে। ১৯ জনের কাছ থেকে এভাবে প্রায় ৫ লাখ ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়েছে।
এছাড়া কলেজের লাইব্রেরির জন্য বরাদ্দ অর্থ থেকে ২৫ হাজার টাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজ হাতে নিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও কলেজের সভাপতির কাছে আবেদন জানিয়েছেন।
অভিযোগপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করা হয়েছে বলেও উল্লেখ রয়েছে।
তবে অভিযোগগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. মো. আতাহার আলীর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযোজন করা হবে।
পড়ুন : ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু- ইকোনমি: শিক্ষামন্ত্রী
সা/


