চট্টগ্রামের ফটিকছড়িতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদল ও ছাত্রদলের মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ছয়জন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিল চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিলে হামলা চালান বলে অভিযোগ করেন বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। হামলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ছয়জন নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে আকিব, আজিজ, রবিউল, হোসেন, মঞ্জু ও ইয়ামিনের নাম জানা গেছে।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অভিযুক্ত যুবলীগ নেতা নুরুল করিমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালিয়ে এ হামলা সংঘটিত করা হয়েছে বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।
ঘটনাস্থল পরিদর্শনে আসা অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ বলেন, সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্না নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ যুবক


