জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধভাবে সার পাচারের সময় ১৯ বস্তা সার ধরে ফেলেছে স্থানীয় জনতা। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মনঝার বাজার এলাকা থেকে দুটি ভ্যানসহ এসব সার জব্দ করা হয়। পরে প্রশাসন সারগুলো উদ্ধার করে কৃষকদের মাঝে ন্যায্যমূল্যে বিক্রির উদ্যোগ নেয়।
জানা গেছে, কালাই উপজেলার মোলামগাড়িহাট বাজারের সার ডিলার মিজানুর রহমান এসব সার জামালগঞ্জে পাচার করছিলেন। দুপুরে সারবোঝাই দুটি ভ্যান মনঝার বাজার এলাকা অতিক্রম করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। তারা ভ্যান থামিয়ে তল্লাশি চালালে ১৯ বস্তা সার মেলে। এ সময় চালক নয়ন ও ফয়সালকে আটকে রেখে প্রশাসনকে খবর দেন স্থানীয়রা।
খবর পেয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আদনাদ মেহেদীর নেতৃত্বে কৃষি বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সারগুলো নিজেদের হেফাজতে নেন। তবে অবৈধভাবে সার পাচারের বিষয়ে জানতে অভিযুক্ত ডিলার মিজানুর রহমানের মোবাইল ফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ বলেন, বিধি মোতাবেক এসব সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে।
পড়ুন : ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান
সা/


