জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সরকারি সফরে যাচ্ছেন সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। তিনি বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য–৩২৭ (মহিলা আসন–২৭) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
সফর উপলক্ষে দেওয়া এক বার্তায় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী তার দায়িত্বপ্রাপ্ত মৌলভীবাজার-১ (বড়লেখা–জুড়ী), কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের স্বার্থ, মর্যাদা ও জনগণের প্রত্যাশার কথা তুলে ধরার সুযোগ তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্মানের। সফরটি যাতে সফল ও দেশের জন্য কল্যাণকর হয়, সে জন্য তিনি সংশ্লিষ্ট এলাকার মানুষের দোয়া প্রত্যাশা করেন।
বাংলাদেশের প্রতিনিধিদলে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান রুমি এ হোসাইন।
সফর প্রসঙ্গে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে তিনি দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চান।
তিনি বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ, দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে কাজ করে যাব। সবার আগে বাংলাদেশ।
পড়ুন : ময়মনসিংহে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত


