আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের জন্য বিশেষ প্রস্তুতি নিচ্ছেন লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে বিদায়ী ম্যাচে যে বিশেষ জার্সি পরে মাঠে নামবেন আর্জেন্টাইন অধিনায়ক, সেটিই এবার প্রকাশ করেছেন তিনি।
সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন মেসি। ভিডিওতে দেয়ালে ঝোলানো সর্বশেষ বিশ্বকাপের জার্সিটি সরিয়ে সেখানে বিদায়ী ম্যাচের বিশেষ জার্সি রাখেন তিনি। এর সঙ্গে ছিল ছোট্ট একটি বার্তা, ‘শেষ ম্যাচ… সারাজীবনের জন্য একটি জার্সি।’
আর্জেন্টিনার প্রচলিত জার্সির তুলনায় নতুন এই সংস্করণে রয়েছে বেশ কিছু পরিবর্তন। আকাশি রংকে প্রাধান্য দিয়ে মাঝখানে রাখা হয়েছে সাদা একটি উল্লম্ব রেখা। পেছনে সোনালি রঙে থাকবে মেসির নাম ও বিখ্যাত ১০ নম্বর। জার্সির পেছনের অংশে বিশেষভাবে রাখা হয়েছে আর্জেন্টিনার জাতীয় প্রতীক ‘মে মাসের সূর্য’।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবার মাঠে নামবেন ৩৯ বছর বয়সী মেসি। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর তাকে আনুষ্ঠানিক বিদায় জানাতেই এই ম্যাচের আয়োজন করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।
এই আন্তর্জাতিক বিরতিতে আরও দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ৩০ সেপ্টেম্বর কর্দোবায় বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর ৩ অক্টোবর মনুমেন্তালে বুরকিনা ফাসোর বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে মেসিকে দেখা যাবে কেবল বেনিনের বিপক্ষে শেষ ম্যাচটিতে।
পড়ুন : ফ্রি কিকে গোল মেসির, এমএলএসে নতুন ইতিহাস
সা/


