সদ্যঃসাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।
শিক্ষার্থীদের কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের পাঠদান, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে।
উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার রাতেই ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে তারা উপাচার্য ভবনেও তালা ঝুলিয়ে দেন। নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে এ নিয়ে প্রতিবাদ শুরু হয়। অনলাইনে প্রতিবাদের পাশাপাশি সোমবার রাতে বিপুলসংখ্যক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করেন।
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় সোমবার তাকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সরকারি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের নির্দেশক্রমে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ১০(১) ধারা মোতাবেক তাকে পরবর্তী চার বছরের জন্য এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে সদ্যঃসাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি জানিয়েছে চুয়েট শিক্ষক সমিতিও। একই সঙ্গে উপাচার্য নিয়োগ ও অব্যাহতি-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার অনুষ্ঠিত চুয়েট শিক্ষক সমিতির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, রাষ্ট্রপতি কর্তৃক চুয়েটের উপাচার্য নিয়োগ ও অব্যাহতি-সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য পদে পুনর্বহালের দাবি জানানো হয়।
চুয়েট শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ (২০২৬-২৭)-এর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির সাধারণ সভার মাধ্যমে সদ্যঃসাবেক উপাচার্যকে আবারও বহালের দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন চুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক হুমায়ুন কবির।
গতকালের বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’সহ বিভিন্ন স্লোগান দেন।
নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদ থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন মঙ্গলবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে গড়িয়েছে। এর ফলে বন্ধ রয়েছে চুয়েটের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম।
পড়ুন: তেলের দামে বাজার-গণপরিবহণে অস্থিরতা, চাপে জনজীবন
আর/


