চাঁদপুরের হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন ভূমি অফিসে সরকারি নির্ধারিত কর্মঘণ্টা পার হয়ে গেলেও মিলছে না কর্মকর্তাদের দেখা। অভিযোগ উঠেছে, প্রতিদিনের মতো আজ সকাল ১১টা বেজে গেলেও তালাবদ্ধ রয়ে গেছে অফিসটি। এতে চরম ভোগান্তি ও ক্ষোভের মুখে পড়েছেন দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা সাধারণ মানুষ।
স্থানীয়দের সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত জরুরি কাজ, খাজনা-খারিজ ও বিভিন্ন নামজারির কাজের জন্য সকাল থেকেই অফিসের সামনে অপেক্ষা করছেন অনেক সাধারণ নাগরিক। কিন্তু বেলা ১১টা বাজলেও অফিসের প্রধান ফটক বন্ধ পাওয়া যায় এবং কোনো কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি লক্ষ করা যায়নি।
অফিসে কাজে আসা ক্ষুব্ধ সেবাগ্রহীতারা জানান, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেও কোনো দায়িত্বশীল ব্যক্তির দেখা না পেয়ে তারা বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন। সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ে অফিস খোলার কথা থাকলেও নিয়মিত এমন অবহেলার শিকার হতে হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয়রা।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
পড়ুন : আঙিনায় খেলছিল ওনিয়, কিছুক্ষণ পরই পুকুরে মিলল নিথর দেহ


