পাবনার চাটমোহরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি ও ব্যাটারি চালিত অটো ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তোরাব আলী (৬০) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন। এ সময় অটো ভ্যানের যাত্রী ও ট্রলির ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হন।
নিহত ভ্যান চালক তোরাব আলী উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল স্কুল পাড়া গ্রামের মৃত শুকুর আলীর ছেলে।
মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৩০ মিনিটের দিকে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল ব্রিজ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নাটোর সদর থানার হৈবতপুর এলাকার ট্রলি চালক বাবু হোসেন ও ট্রলির হেলপার রানা আহমেদ গুরুতর আহত হয়েছেন। একই সাথে অটো ভ্যানের যাত্রী আনোয়ারা খাতুন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে দুইজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ট্রলির হেল্পার রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয়রা জানান, নাটোর জেলার হৈবতপুর এলাকা থেকে ভূট্টা ভর্তি শ্যালো ইঞ্জিন চালিত একটি ট্রলি চাটমোহরের দিকে আসছিল। অপরদিকে অটো ভ্যানে এক নারী যাত্রীকে নিয়ে ধরইল ব্রিজ এলাকায় যাওয়ার পথে ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তোরাব আলীর বাম হাত ভেঙে যায় এবং মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পান। এছাড়া ট্রলি চালক ও হেলপার ভুট্টার বস্তার নিচে পরে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোভ্যান চালক তোরাব আলীকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।
পড়ুন : টাঙ্গাইলে ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার
সা/


