প্রেমিকাকে না পেলে পৃথিবীর কেউ তাকে পাবে না—এমন হুমকিসংবলিত চিরকুট পাওয়া গেছে বোমাসদৃশ একটি বস্তুর গায়ে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার নওয়াপাড়া এলাকার নবীনপুর গ্রামে। এ ঘটনায় এলাকায় কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুরে নবীনপুর গ্রামের একটি নির্মাণাধীন ভবন থেকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের খেলার মাঠের পাশে একটি নির্মাণাধীন ভবনের পিলারের ওপর কালো কস্টেপ দিয়ে মোড়ানো বস্তুটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে সেটির গায়ে লাগানো একটি চিরকুট নজরে আসে। চিরকুটে লেখা ছিল, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না।’ বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, কোনো এক যুবক তার প্রেমিকাকে উদ্দেশ্য করে হুমকিমূলক চিরকুট লিখে একটি জর্দার কৌটায় তৈরি বোমাসদৃশ বস্তুর গায়ে সেটি লাগিয়ে রেখে যায়। তবে প্রেমিকাকে উদ্দেশ্য করে এ ধরনের চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা এ থানায় এবারই প্রথম।
পড়ুন : মানিকগঞ্জে হরিরামপুরে ইউপি চেয়ারম্যান আটক


