মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা হলেন মাইজদী চা-বাগানের বাসিন্দা অমৃত সিংয়ের ছেলে জয় সিং এবং একই এলাকার সুশীল নায়েকের ছেলে পাপ্পু নায়েক। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে মিরপুরগামী আলম এশিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস লচনা এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়।
এ সময় বাসটি অটোরিকশাটিকে সজোরে চাপা দিলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান বলেন, ‘দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা গেছে। বাকি একজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহগুলো প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ করে আইনি পদক্ষেপের মাধ্যমে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি মামুনুর রহমান।
পড়ুন : অবৈধ অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেনে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা
সা/


