নিরাপত্তার কারণে শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে পাকিস্তানি শিল্পীদের দুটি কনসার্ট। আয়োজক সূত্রে জানা গেছে, সব প্রস্তুতি সম্পন্ন হলেও নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় কনসার্ট দুটির অনুমতি মেলেনি।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ‘ম্যাক্স রিপাবলিক’ শিরোনামের কনসার্টের এক আয়োজক বলেন, ‘সবকিছুই ঠিক ছিল, শিল্পীদের অ্যাডভান্স পারিশ্রমিকও দেওয়া সম্পন্ন হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করতে হচ্ছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
একই কারণে পাকিস্তানের আরেক ব্যান্ড ‘কাভিশ’-এর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ শিরোনামের কনসার্টটিও বাতিল করা হয়েছে। এটি আয়োজনের দায়িত্বে ছিল ‘প্রাইম ওয়েভ কমিউনিকেশন’।
আগামী ২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ‘রেডমি নোট ১৭’ নিবেদিত ‘ম্যাক্স রিপাবলিক’ শিরোনামের কনসার্টটি হওয়ার কথা ছিল।
কনসার্টে একই মঞ্চে গান পরিবেশন করার কথা ছিল পাকিস্তানের তিন জনপ্রিয় ব্যান্ড—‘ভয়েস অব জুনুন’, ‘জাল দ্য ব্যান্ড’ ও ‘রক্সেন’ (ফিচারিং)। তাদের সঙ্গে বাংলাদেশের চারটি ব্যান্ড—‘নেমেসিস’, ‘লেভেল ফাইভ’, ‘শিরোনামহীন’ ও ‘নগর বাউল’ (জেমস)-এরও পারফর্ম করার কথা ছিল।
এর পরদিন পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড ‘কাভিশ’-এর পূর্বাচলের ‘সি শেল পার্ক অ্যান্ড রিসোর্ট’-এ পারফর্ম করার কথা ছিল। নিরাপত্তার কারণে সেই আয়োজনও স্থগিত করা হয়েছে।
তবে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব দ্রুতই কনসার্টগুলোর নতুন তারিখ ঘোষণা করা হবে। এ দুটি ছাড়াও বিদেশি শিল্পীদের নিয়ে আয়োজিত আরও তিনটি কনসার্ট স্থগিত করা হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে।
পড়ুন : স্বপ্ন থেকে জাতীয় পুরস্কার, ‘চান্দু চ্যাম্পিয়ন’-এ বাজিমাত কার্তিকের
সা/


