এক সপ্তাহের অস্থিরতার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে কিছুটা পতন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা এবং সৌদি আরবে হুথিদের হামলাকে ঘিরে পরিস্থিতির প্রভাবে শুক্রবার তেলের বাজারে কিছুটা স্বস্তি দেখা যায়।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গ্রিনিচ মান সময় অনুযায়ী শুক্রবার রাত ১২টা ৩২ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ৭৪ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৮৫ ডলারে নেমে আসে।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে ৮১ সেন্ট বা শূন্য দশমিক ৮৬ শতাংশ। এতে প্রতি ব্যারেলের দাম দাঁড়ায় ৯৩ দশমিক ৮০ ডলার।
এর আগে বৃহস্পতিবার তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছিল। দিনের একপর্যায়ে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। দিন শেষে ব্রেন্টের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে লেনদেন শেষ করে।
বৃহস্পতিবারের লেনদেনে ব্রেন্টের দাম ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে ওঠে। তবে সামগ্রিকভাবে সাম্প্রতিক সময়ে ডব্লিউটিআইয়ের বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এর আগের ছয় কার্যদিবসে ডব্লিউটিআইয়ের দাম ১৩ শতাংশ কমেছিল।
চলতি সপ্তাহে এখন পর্যন্ত ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৪২ শতাংশ কমেছে। অন্যদিকে একই সময়ে ব্রেন্টের দাম বেড়েছে ২ দশমিক ০৯ শতাংশ।
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা এবং জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক ওঠানামা দেখা দিয়েছে। সৌদি আরবের তেল সরবরাহের বিকল্প পথ এবং হুথিদের সঙ্গে সংঘাতও তেলের দামের ওপর প্রভাব ফেলছে।
তথ্যসূত্র: রয়টার্স
পড়ুন :
সা/


