চট্টগ্রামের পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার উত্তর ছনহরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকের পনি সংলগ্ন শ্রীমাই খাল থেকে আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকালে টেকের পনি ব্রিজের পাশে শ্রীমাই খালের পানিতে এক যুবকের নিথর দেহ ভাসতে দেখেন তারা। পরে বিষয়টি পটিয়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খাল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, মরদেহের পরনে কালো রঙের একটি গেঞ্জি ছিল। ঘটনাস্থল থেকে একটি টর্চলাইট ও প্লাসও পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, উত্তর ছনহরার টেকের পনি সংলগ্ন শ্রীমাই খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য প্রযুক্তির সহায়তায় চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকা সংলগ্ন একটি ডোবা থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছিল পটিয়া থানা পুলিশ। ওই ঘটনার ১২ দিনের মাথায় আবারও অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, একই উপজেলার বিভিন্ন এলাকায় অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে মৃত্যুর কারণ ও নিহতদের পরিচয় শনাক্ত করা প্রয়োজন।
পড়ুন : নরসিংদীর ভাটপাড়ায় কাভার্ডভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ২
সা/


